দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, একটি শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি খাত ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ফিনিক্স সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে আর্থিক লেনদেন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রই প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। তাই ডিজিটাল সেবার ওপর মানুষের আস্থা বজায় রাখতে সাইবার সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাইবার অপরাধ ও অনলাইন গুজব সম্পর্কে নাগরিকদের সচেতন করা না গেলে ডিজিটাল রূপান্তরের সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়। জনসচেতনতা বৃদ্ধিতে প্রযুক্তি বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীদের বিশেষ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দেশ-বিদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা অংশ নেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই ধরনের সামিট বাংলাদেশের সাইবার সুরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 





















