মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যেই ইরানকে কঠোর বার্তা দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন, যা শুক্রবার প্রচার করা হয়।
ট্রাম্প আরও বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অতিক্রমকারী বিভিন্ন দেশের জাহাজগুলোকে সুরক্ষা প্রদান করবে। তিনি আশা প্রকাশ করেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযান সুষ্ঠুভাবে এগিয়ে যাবে।
তবে, ট্রাম্পের ইরান নীতিতে এক ধরনের দোলাচল লক্ষ্য করা গেছে। একদিকে তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন, যারা ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে পারছেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।
এর আগে গত বুধবার কেন্টাকির হেবরনে ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা জিতেছি। কিন্তু কাজ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করেছিল। এর জবাবে ইরানও ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছিল।
রিপোর্টারের নাম 
























