তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরান কেন্দ্রিক চলমান সহিংসতা যাতে আর বৃদ্ধি না পায়, সেজন্য তুরস্ক জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার আঙ্কারায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
এরদোয়ান উল্লেখ করেন যে, কূটনীতি এবং সংলাপই হলো ন্যায্য ও স্থায়ী শান্তির সবচেয়ে নিরাপদ পথ। তিনি নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তুরস্ক ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে শান্তির জন্য কাজ করে যাবে।
অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিবের তুরস্ক সফরের প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, ২০১৭ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে গুতেরেস নিরপেক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এরদোয়ান আরো বলেন, শরণার্থী সুরক্ষা, বিশ্বজনীন ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে শাটল কূটনীতিতে আন্তোনিও গুতেরেস গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, রমজান মাস বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ উন্মোচন করবে। তুরস্কের বৈদেশিক নীতির মূলমন্ত্র হলো ‘দেশে শান্তি, বিশ্বে শান্তি’, যা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গাজি মুস্তাফা কামাল আতাতুর্কের উত্তরাধিকার।
রিপোর্টারের নাম 






















