যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির সরকার ও সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের হত্যা করাকে ‘বড় সম্মানের’ বিষয় বলে মন্তব্য করেছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিকসহ সব দিক দিয়ে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে।
ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, ‘এমনকি তাদের নেতাদেরও পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে ফেলা হয়েছে।’ নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, এত কিছুর পরও যদি কেউ এই পত্রিকাটি পড়ে, তবে তারা ভুলভাবে ভাবতে পারে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অতুলনীয় সামরিক শক্তি, সীমাহীন গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে। তিনি বলেন, ‘আজ এই পাগল বদমাশদের কী হয় তা দেখুন। তারা গত ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষ হত্যা করে আসছে। আর এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে, তাদের হত্যা করছি। এটি করতে পারা আমার জন্য বড় সম্মানের বিষয়।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরুর প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরবর্তীতে গত ৮ মার্চ ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত সংস্থা) ভোটের মাধ্যমে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
রিপোর্টারের নাম 






















