লেবাননের একটি গুরুত্বপূর্ণ সেতুতে ইসরাইলি সেনাবাহিনীর হামলার পর দেশটির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করা না হলে লেবাননের ওপর হামলা আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে তাদের ভূখণ্ডও দখল করে নেওয়া হতে পারে।
বুধবার লেবাননের লিতানি নদীর ওপর জারিয়েহ সেতুতে ইসরাইলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এটা কেবল শুরু।’ ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ-এ প্রকাশিত এক মন্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, ‘লেবাননের সরকারকে এর ক্রমবর্ধমান মূল্য দিতে হবে। হিজবুল্লাহ যেসব জাতীয় অবকাঠামো ব্যবহার করছে বলে অভিযোগ করা হচ্ছে, সেগুলোতে হামলা চালানো হবে এবং প্রয়োজন হলে ভূখণ্ড দখলও করা হবে, যতক্ষণ না হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়।’ এই বক্তব্যের ফলে ইসরাইল ও লেবাননের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















