রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা- ২০২৬’ নামে একটি কর্মসূচি পালনের সময় অধ্যাপক জামাল উদ্দীনকে আটক করে পল্টন থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
জামাল উদ্দীনের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার ও গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করেন। আসামিপক্ষ তার ডিভিশন চাইলে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কারাকর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত জামাল উদ্দীন এর আগেও বিভিন্ন সময়ে হেনস্তার শিকার হয়েছেন। গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডির ৩২ নম্বরে ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে তিনি বাধার মুখে পড়েন ও হেনস্তার শিকার হন। সর্বশেষ বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা নামের একটি কর্মসূচি ঘোষণা করে বুধবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় গেলে তাকে গ্রেফতার করা হয়। এই কর্মসূচিটি ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু পদযাত্রার প্রথম দিনেই তাকে আটক করা হয়। পরে বুধবারই তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পল্টন মডেল থানার এসআই রাফি আহমেদ মামলাটি দায়ের করেন।
রিপোর্টারের নাম 

























