জ্বালানি সংকট মোকাবিলায় বড় সুখবর নিয়ে এসেছে কুমিল্লার মুরাদনগরের শ্রিকাইল গ্যাস ফিল্ড। এই ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই গ্যাস উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন। বাপেক্স কর্মকর্তাদের তথ্যমতে, এই কূপ থেকে প্রতিদিন গড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কূপে প্রায় ৩ হাজার কোটি টাকা মূল্যের গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই সরকারের মূল লক্ষ্য। তিনি সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম দেশীয় সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বাপেক্সকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























