শ্রোতাদের জন্য নতুন এক উপহার নিয়ে আসছে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক সঙ্গীতের আসর ‘আই ফোক ফিভার’। জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় এই বিশেষ আয়োজনে এবারই প্রথম পাঁচটি পল্লিগীতি পরিবেশন করবেন জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
‘আই ফোক ফিভার’ মঞ্চে সাবিনা ইয়াসমিন ছাড়াও গান গাইবেন দেশের প্রখ্যাত শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন রফিকুল আলম, খুরশিদ আলম, কনকচাঁপা, ফেরদৌস আরা, নকুল কুমার বিশ্বাস, সালমা, লিজা, লুইপা, সাগর দেওয়ান, আলেয়া বয়াতি, আক্কাস দেওয়ান, কাজল দেওয়ান, মুক্তা সরকার এবং আশিক।
এই আয়োজনে সাবিনা ইয়াসমিনকে ‘এই যে দুনিয়া কীসেরও লাগিয়া’, ‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে’, ‘ও মুই না শোন না শোন তোর বৈদেশিয়া’, ‘আমি কেমন করে পত্র লিখিরে’ এবং ‘সোনারও বরনী কন্যা সাজে যেন মেঘ কালো সাজিল রে’—এই পাঁচটি কালজয়ী পল্লিগীতি গাইতে দেখা যাবে। গানগুলোকে প্রাণবন্ত করে তুলতে ১২ জন যন্ত্রশিল্পী তাঁদের নিপুণ বাজনা পরিবেশন করেছেন। তবলায় চন্দন দত্ত, গিটারে মনোয়োর হোসেন টুটুল, প্যাড-এ আলমগীর হোসেন, বেহালায় মেহেদী, কী বোর্ডে অন্তর, বাঁশিতে কামরুল, সেক্সোফোনে পাভেল, পারকেশনে জিকো, ঢোলে নয়ন মুস্তাফিজ, হারমোনিয়ামে রুবেল এবং ম্যান্ডোলিন ও সাজে আনন্দ তাঁদের বাদ্যযন্ত্র বাজিয়েছেন।
এই আয়োজন প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “সিনেমাতে আগেও পল্লিগীতি বা ফোক গান গেয়েছি। তবে কোনো অনুষ্ঠানে একসঙ্গে এতগুলো পল্লিগীতি এই প্রথম গাইলাম। এমন চমৎকার আয়োজনে গান গাওয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। জাহাঙ্গীর সাঈদকে ধন্যবাদ, কারণ তিনিই প্রথম এই পরিকল্পনার কথা আমাকে বলেছিলেন এবং আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। সকল বাদ্যযন্ত্র শিল্পীও ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ তাঁদের সুন্দর বাজনা গানগুলোকে আরও জীবন্ত করে তুলেছে। আশা করছি শ্রোতা-দর্শকদের গানগুলো ভালো লাগবে।”
আয়োজক জাহাঙ্গীর সাঈদ জানান, সকল সিনিয়র ও জুনিয়র শিল্পীর প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। অনুষ্ঠানটি প্রচারের সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্পাদনার কাজ শেষ হলে দ্রুতই এটি একটি জনপ্রিয় চ্যানেলে এবং তাঁদের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে। এই আয়োজনের প্যানেল পরিচালনায় আছেন ইফতেখার মুনিম হাসান।
রিপোর্টারের নাম 

























