বিধিবহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন আদেশ দেন। সাবেক প্রধান বিচারপতির আইনজীবী মোনায়েম নবী শাহীন জানিয়েছেন, এই জামিন আদেশের পর আপাতত খায়রুল হকের কারামুক্তিতে কোনো বাধা নেই।
আদালতে খায়রুল হকের জামিনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।
এর আগে গত জুলাই মাসের আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা আরও চারটি মামলায় গত রোববার হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিলেন। তবে, ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে, যা বর্তমানে চেম্বার আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও, বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জে দায়ের করা একটি মামলায়ও খায়রুলকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন শাহবাগ থানায় একটি মামলা করেছিলেন এবং একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি।
রিপোর্টারের নাম 

























