অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় নেটিজেনদের কটাক্ষ ও হুমকির শিকার হয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী তিথি। আলভীর পাশাপাশি তিথিকেও এই ঘটনার জন্য দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হচ্ছে।
এই অভিনেত্রী জানান, সাইবার বুলিং, অনলাইন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার এবং তাঁর পরিবারকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে তিনি এই জিডি করেছেন। তিথির অভিযোগ, তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে অপমানজনক বক্তব্য দেওয়া হচ্ছে এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে।
এছাড়াও, তিথির ব্যক্তিগত কল রেকর্ড অনুমতি ছাড়াই সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি তাঁর বাসার ঠিকানাও জনসমক্ষে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তাঁর ও পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন এই অভিনেত্রী।
তিথি আরও জানান, পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাঁদের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেব না।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেন। এরপরই আলভী-তিথির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে, যার ফলে নেটিজেনরা সামাজিক মাধ্যমে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
রিপোর্টারের নাম 

























