জ্বালানি তেলের অভ্যন্তরীণ মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে ডিজেল পাঠানোর জন্য পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং আজ মঙ্গলবারের (১০ মার্চ) মধ্যেই পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছাবে।
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও কৃষি সেচ মৌসুমে ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে সরকার জরুরিভিত্তিতে এই আমদানির উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার ফলে জ্বালানি সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দ্রুত জ্বালানি আনাকে একটি কৌশলগত সমাধান হিসেবে দেখছে বিপিসি।
এর আগে, গত রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে দেশের জ্বালানি সংকট মেটাতে বিশেষ আলোচনা করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেই বৈঠকে তিনি ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হলে তা পরিবহন খরচ কমানোর পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে সেচ মৌসুমে ডিজেলের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। বিপিসি আশা করছে, নিয়মিত আমদানির পাশাপাশি এই বাড়তি সরবরাহ দেশে জ্বালানি তেলের যে কোনো সাময়িক সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 





















