টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়া এবং শিল্পকারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি সহায়তা ও ক্ষতিপূরণ দাবি করেছে দেশের শীর্ষ চারটি ব্যবসায়ী সংগঠন। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স যৌথভাবে নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে এই আবেদন জানিয়েছে।
ব্যবসায়ী নেতারা চিঠিতে উল্লেখ করেছেন, বন্যার কারণে বন্দরে পণ্য খালাস ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে আমদানি করা তুলা, সুতা ও রাসায়নিকসহ শিল্পের কাঁচামাল নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া রপ্তানি পণ্য সময়মতো পাঠাতে না পারায় অনেক প্রতিষ্ঠান অর্ডার বাতিল ও আকাশপথে পণ্য পাঠানোর মতো অতিরিক্ত ব্যয়ের মুখে পড়ছে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অবকাঠামোগত ত্রুটির কারণে হওয়া ক্ষতির দায় অস্বীকার করে যে বিজ্ঞপ্তি দিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনগুলো। ব্যবসায়ীদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক কারণ নির্ণয় করে সংশ্লিষ্টদের ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে বন্দর ও সংযোগ সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার জোর দাবি জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















