এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী ব্যবসায়ী ও কর্পোরেট প্রধানদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ লাভ করেছেন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের অন্যতম পরিচিত মুখ, ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফসার। এশিয়ান অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে অসাধারণ অবদান রাখা ৫০ জন সিইও-কে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সিইও এবং কর্পোরেট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী, মহামান্য হেম ভান্দি এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী এবং ৫০ বছরের কম বয়সী সিইও-দের নেতৃত্ব, ব্যবসায়িক দৃঢ়তা এবং টেকসই উন্নয়নকে বিশ্ব মঞ্চে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
৩৩ বছরেরও বেশি কর্মজীবনে মো. নুরুল আফছার উদ্ভাবনী, অংশগ্রহণমূলক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতকে সমৃদ্ধ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে বিশেষ উচ্চতায় পৌঁছেছে। তিনি নিত্য নতুন মার্কেটিং কৌশল, পণ্যের বৈচিত্র্য, নিয়মিত মার্কেট রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিশ্বের শীর্ষস্থানীয় কনকা ও গ্রী ইলেক্ট্রনিক্স পণ্যের জন্য কারখানা স্থাপন ও বাজার সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানে উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি প্রতিষ্ঠানে অংশগ্রহণমূলক কর্মক্ষেত্রের সংস্কৃতিও তৈরি করেছেন।
ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল আফছারকে এই স্বীকৃতি অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “তাঁর উদ্ভাবনী ও দূরদর্শী নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়েছে এবং উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার তাঁর অসামান্য অবদানকে প্রতিফলিত করে।” ইলেক্ট্রো মার্ট পরিবার শিল্প খাতের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা ও অবদানের জন্য তাঁকে বিশেষ সম্মান ও অভিনন্দন জানায়।
রিপোর্টারের নাম 























