রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে।
গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। গত ২৬ ফেব্রুয়ারি টিউলিপকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশও দিয়েছিলেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল করেন এবং পরে তা রেজিস্ট্রি করেন। এই অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। উল্লেখ্য, এর আগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিনটি মামলায় তাকে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
রিপোর্টারের নাম 

























