মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রভাবে পারস্য উপসাগরে ফ্রান্সের অন্তত ৫২টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। লোহিত সাগরেও দেশটির আরও ৮টি জাহাজ অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছেন ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো।
ফরাসি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, পারস্য উপসাগর ও লোহিত সাগর মিলিয়ে মোট ৬০টি ফরাসি জাহাজ বর্তমানে বিপজ্জনক পরিস্থিতিতে আটকা পড়েছে। তিনি বলেন, “আমরা জাহাজগুলোর ক্রুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এই জাহাজগুলোতে বেশ কিছু ফরাসি নাবিক রয়েছেন, যাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার।”
গত শনিবার ইরান ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয়ভাবে মোড় নেয়। এর প্রতিবাদে ইরানও ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা শুরু করে। এই পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। বর্তমান যুদ্ধাবস্থায় এই রুটটি কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফরাসি জাহাজগুলো সেখান থেকে বের হতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
রিপোর্টারের নাম 




















