শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জানিয়েছেন যে, কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে নোঙর করা একটি ইরানি জাহাজ থেকে ২০৮ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। আইআরআইএস বুশেহর নামের জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছিল এবং এর ক্রুদের নিরাপদে তীরে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, ইরানে অবস্থিত শ্রীলঙ্কার দূতাবাস এবং শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে জাহাজের অধিনায়ক ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন। এই লক্ষ্যে শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকৃত ২০৮ জনের মধ্যে রয়েছেন ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক। তাদের নৌযানে করে কলম্বো বন্দরে আনা হচ্ছে।
পরবর্তী ধাপে, এই ক্রুদের এবং শ্রীলঙ্কার নাবিকদের ত্রিনকমালি বন্দর এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ৪ঠা মার্চ একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের জাহাজ আইআরআইএস দেনা একটি হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা সাবমেরিন টর্পেডো ব্যবহার করে জাহাজটি ডুবিয়ে দেয়। সেই ঘটনায় ৩২ জন ক্রুকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী এবং তাদের চিকিৎসার জন্য গালে জাতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছিলেন যে, ওই জাহাজে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন এবং পরে নিখোঁজ ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
রিপোর্টারের নাম 



















