মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে ইসরায়েলে এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটেছে। ইরানের হামলার আশঙ্কায় নিরাপত্তা নিশ্চিত করতে একটি জনাকীর্ণ শপিং মলের বোমা আশ্রয়কেন্দ্রে (বাঙ্কার) এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুদ্ধের আবহেও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ নামের এই দম্পতি।
মূলত পেতাহ টিকভায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। নিরুপায় হয়ে দম্পতি তাদের বিয়ের তারিখ অপরিবর্তিত রেখে তেল আবিবের ডিজেনগফ সেন্টার মলের একটি পার্কিং লটে বিয়ের আয়োজন করেন, যা একই সঙ্গে একটি বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।
ইরানের পক্ষ থেকে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তেল আবিব তাদের চার স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এরপরও সীমিত আকারে হলেও হামলার প্রভাব পড়ছে দেশটিতে। ইসরায়েলি কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে বিভিন্ন স্থানে বাঙ্কার তৈরি রেখেছে। আকাশে কোনো হামলা বা ড্রোন শনাক্ত হওয়ার সাথে সাথে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয় এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এমন এলাকায় সাইরেন বাজিয়ে স্থানীয়দের সচেতন করা হয়। চলমান সংঘাতের মধ্যেও এই একই কৌশল অবলম্বন করছে ইসরায়েল।
এমনই এক পরিস্থিতিতে, যখন যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, তখন এই দম্পতির বাঙ্কারে বিয়ে করার সিদ্ধান্ত তাদের সাহসিকতা এবং কঠিন পরিস্থিতিতেও জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতারই পরিচয় দেয়। যুদ্ধের বিভীষিকার মাঝেও তাদের এই বিশেষ দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
রিপোর্টারের নাম 




















