জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) বিরুদ্ধে দেশি-বিদেশি মহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপির বিভিন্ন নীতি ও অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। তবে সদ্য প্রকাশিত ‘এনসিপির যাত্রা’ বইয়ে আমাদের আদর্শ ও সব সিদ্ধান্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা এসব অপপ্রচারের জবাব দেবে। বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম এবং প্রকাশক আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রাহমান।
নাহিদ ইসলাম আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গত এক দশকে গড়ে ওঠা দেশব্যাপী নাগরিক নেতৃত্বের সমন্বয়ে এনসিপি গঠিত হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বদানকারী একটি বড় অংশ বর্তমানে এনসিপির সঙ্গে সম্পৃক্ত। তাই আন্দোলনের মূল শক্তির মিলনস্থল হওয়ায় এই দলটির ভিত্তি অত্যন্ত মজবুত। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হলেও, এনসিপিই আন্দোলনের মূল নেতৃত্বের প্রতিনিধিত্ব করে।
গত দেড় বছরের সংগ্রাম ও অভিজ্ঞতা আগামীর বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করে দিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম সতর্ক করেন, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশে নেপালের মতো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সাহিত্য, সংগীত ও সংস্কৃতির পাশাপাশি নিরপেক্ষ গবেষণার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, মাত্র ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সারাদেশে ভোটের হিসাবে তৃতীয় স্থান অর্জন এনসিপির একটি বড় সাফল্য। এটি প্রমাণ করে, দেশের জনগণ একটি বিকল্প রাজনৈতিক শক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন এবং এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























