চাঁদাবাজিকাণ্ডে পূর্বে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত অপর তিন আসামি মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে শুনানি শেষে আদালত রিয়াদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে রিয়াদের পক্ষে আইনজীবী জাকির হোসাইন রিমান্ড বাতিল চেয়ে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, জামিনপ্রাপ্ত তিন আসামির আইনজীবী সাখাওয়াত হোসেন তাদের চাকরি পরীক্ষার্থী উল্লেখ করে জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-২২ জনকে আসামি করে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন ২৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে নির্জনের সঙ্গে আসামিদের সাক্ষাৎ হয়। এ সময় নির্জনকে সমাবর্তনে অংশগ্রহণের জন্য বলা হয়। নির্জন এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করতে গেলে রিয়াদের নির্দেশে রিয়াদুল ও সায়েম তাকে চেয়ার দিয়ে আঘাত করে। এতে নির্জন পিঠ ও বুকে গুরুতর আঘাত পান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, রিয়াদ একটি সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনকে হত্যার উদ্দেশ্যে তার মুখমণ্ডলে আঘাত করেন। এতে নির্জনের নাকের উপরিভাগ কেটে গুরুতর জখম হয়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধরও করা হয়। নির্জনের বন্ধুবান্ধব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। খবর পেয়ে গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে।
উল্লেখ্য, গত বছর ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলায় গ্রেফতার হয়েছিলেন রিয়াদ। ওই মামলায় জামিনে কারামুক্ত হওয়ার পর এবার তিনি হত্যাচেষ্টা মামলায় জড়ালেন।
রিপোর্টারের নাম 






















