রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট থেকে মাহমুদুল হোসেন (২৮) নামে এক ডিশ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ব্যবসায়িক ঋণের কারণে সৃষ্ট হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
ভাটারা থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের একটি কক্ষের সিলিং ফ্যানের রডের সঙ্গে মাহমুদুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত মাহমুদুল পটুয়াখালী সদরের মশিপুর এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে। তিনি ভাটারা এলাকায় বাসা ভাড়া নিয়ে কেবল লাইনের ব্যবসা পরিচালনা করতেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত আল-আফসানী জানান, নিহত মাহমুদুল কেবল লাইনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি ব্যবসায়িক কারণে বেশ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই হতাশা থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
রিপোর্টারের নাম 






















