দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় এবং সাশ্রয়ী ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ কার্যালয়ের আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার কমিয়ে তিনি নিজেই এই উদ্যোগের সূচনা করেছেন। একইসঙ্গে তিনি দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের প্রতি বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে প্রবেশ করেই তিনি এই পদক্ষেপ নেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তার কক্ষে প্রবেশ করে তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ বাতি বন্ধ করে দেন। একইসাথে, কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনেন, যা বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য হারে কমাতে সাহায্য করে।
শুধু প্রধানমন্ত্রীর কক্ষেই নয়, তার নির্দেশনায় মন্ত্রীপরিষদ বৈঠকের সময়ও মন্ত্রীপরিষদ কক্ষে প্রবেশের সাথে সাথে অর্ধেক বাতি নিভিয়ে দেওয়া হয় এবং এসির তাপমাত্রা কমিয়ে আনা হয়। সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর দফতরসহ তার অধীনস্থ বিভিন্ন বিভাগের সকল কক্ষেও তাৎক্ষণিকভাবে অর্ধেক বাতি বন্ধ করে এবং এসির মাত্রা কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় শুরু হয়েছে বলে জানান রুমন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি অফিস-আদালত, বাণিজ্যিক ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ সকল প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের উপর জোর দিয়েছেন। তিনি দিনের বেলায় অপ্রয়োজনীয় বাতি বন্ধ রেখে জানালার পর্দা সরিয়ে সূর্যের প্রাকৃতিক আলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন, যা বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 




















