প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানে জামায়াতের ৫ সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে পলের বৈঠক শুরু হয়। চলে ঘণ্টাব্যাপী।
জামায়াতের সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম, সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এ সময় জামায়াত নেতারা জানান সংসদে গেলে দলটি জনগণের স্বার্থে সক্রিয় ও প্রাণবন্ত ভূমিকা পালন করবে।
বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে সংসদীয় রাজনীতিতে সরকার ও বিরোধী দলের অংশগ্রহণ এবং কার্যকর ভূমিকা সম্পর্কে জানতে চান। জামায়াত নেতারা জানান জাতীয় সংসদে গেলে তারা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জোরালো ভূমিকা রাখবেন।
এছাড়াও বৈঠকে সংসদের ডেপুটি স্পিকার পদে জামায়াতের কোনও প্রতিনিধি থাকবে কিনা তা নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন দলটির নেতারা।
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
প্রতিনিধি দলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপির নেতাদের সঙ্গেও পল কাপুরের বৈঠক শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 
























