সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে তাদের পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। অব্যাহতিপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. মাহেদুজ্জামান জ্যোতি।
বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অব্যাহতি কার্যকর থাকবে।
এর আগে, গত শুক্রবার শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। হামিম ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অব্যাহতির খবর প্রকাশের পর শেখ তানভীর বারী হামিম তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, ‘২০১২ সাল থেকে কলেজজীবন পর্যন্ত আমার কোনো পদ ছিল না, শুধুমাত্র ছাত্রদলের রাজনীতি করেছি। কবি জসীমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে কেন্দ্রীয় ছাত্রদল আমাকে সাময়িক অব্যাহতি দিয়েছে জানতে পারলাম। আমি এই দলের একজন কর্মী, এই পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’
উল্লেখ্য, অব্যাহতিপ্রাপ্ত নেতা শেখ তানভীর বারী হামিমের চাচা খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। অন্যদিকে, মো. মাহেদুজ্জামান জ্যোতির বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
রিপোর্টারের নাম 





















