রাজধানীর চকবাজার এলাকায় র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) চকবাজার থানাধীন কামালবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক আলী আকবর।
অভিযানকালে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে অনুমতিবিহীন খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল সংরক্ষণ এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না দেওয়ার মতো অনিয়ম ধরা পড়ে।
তাপস কর্মকার জানান, এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের আওতায় জরিমানা করা হয়েছে। তিনি জানান, তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে; দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে; বাকি দুটির মধ্যে একটিকে ২৫ হাজার ও অপরটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া গুরুতর অনিয়মের দায়ে একজন ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে জনসাধারণকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















