মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের মতো দেশগুলোতে যে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়ছে, তা যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে ঢাকা। দ্রুত আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানে ওয়াশিংটনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান ব্যক্ত করা হয়। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এসব তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি পল কাপুরকে জানিয়েছি, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে আমাদের দুজন বাংলাদেশি মারা গেছেন, সাতজন আহত হয়েছেন। যদি যুদ্ধ দীর্ঘায়িত বা বিস্তৃত হয়, তবে বাংলাদেশের মতো দেশের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। আমরা চাই, যত দ্রুত সম্ভব কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করা হোক।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যুদ্ধ কবে বন্ধ হবে, তা কেউ নির্ধারণ করতে পারবে না। এটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই।”
ড. খলিলুর রহমান আরও জানান, আলোচনায় বাংলাদেশ তার স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। পল কাপুর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা ব্যক্ত করেছেন যে, আগামী দিনগুলোতে সম্পর্ক আরও দৃঢ় ও বিস্তৃত হবে।
রিপোর্টারের নাম 





















