আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌ পথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে নৌ পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
বুধবার (৪ মার্চ) রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নৌপথের নিরাপত্তা ও নৌযান চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্তে সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই নৌ পুলিশের পক্ষ থেকে নৌ পথে আইনশৃঙ্খলা রক্ষায় দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশ দূষণরোধ ও টিকিট কালোবাজারি, উচ্চমূল্য এবং চাঁদাবাজি প্রতিরোধে করণীয় বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হয়।
সভায় বক্তারা নিরাপদ নৌপথ সংক্রান্তে বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। নৌ পুলিশের বর্তমান কাজের প্রশংসা করে তা অব্যাহত রাখার অনুরোধ করেন এবং নৌ পুলিশ ইউনিটের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পরামর্শ দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আসন্ন ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন বক্তারা।
সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ রাখতে কাজ করছে নৌ পুলিশ। কোনও ডাকাত যাতে যাত্রীবেশে নৌযানে চলাচল করতে না পারে সেই বিষয়ে সজাগ দৃষ্টি কামনা করে নজরদারি জোরদার রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নদীপথের চ্যানেলে মাছ ধরার জাল পেতে কেউ যেন নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে বিষয়ে অঞ্চল পুলিশ সুপারদের নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউপিসিএ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা, লঞ্চ মালিক সমিতি বাংলাদেশ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি, বাংলাদেশ কাগোর্ ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লঞ্চ লেভার অ্যাসোসিয়েশন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌ পরিবহন অধিদফতরের প্রতিনিধি, নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি ও ভাচুর্য়ালি উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















