পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জায়নবাদকে মানবতার শত্রু এবং মুসলিম বিশ্বের অস্থিতিশীলতার মূল চালিকাশক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, আলোচনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।
ওই পোস্টে খাজা আসিফ জায়নবাদকে কেবল মুসলিম বিশ্বের অস্থিরতার পেছনের শক্তি হিসেবেই নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি বড় হুমকি বলেও উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি ডেকে আনবে।
নিজের মন্তব্যে আসিফ আরও লেখেন, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী বিশ্বের ওপর যতগুলো বিপর্যয় নেমে এসেছে এবং যত যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিটির সঙ্গেই জায়নবাদী মতাদর্শ ও ইহুদি রাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। তিনি এই মতাদর্শকে আঞ্চলিক সংঘাতের মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনার জন্য সবসময় প্রস্তুত ছিল, কিন্তু এরপরেও তেহরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি বিদেশি যেকোনো হুমকির বিরুদ্ধে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে দেশের ঢাল হিসেবে উল্লেখ করেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অপরিহার্য।
রিপোর্টারের নাম 



















