তরুণ প্রজন্মকে পবিত্র কোরআন পাঠে আগ্রহী করে তোলা এবং অর্থসহ বুঝে পড়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চতুর্থবারের মতো পবিত্র কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। গত সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলা অনুবাদসহ প্রায় ১৭০টি কোরআন শরিফ বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগের মূল লক্ষ্য হলো, ইসলামের মৌলিক গ্রন্থ কোরআনকে কেবল তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর অন্তর্নিহিত অর্থ ও জীবন দর্শন অনুধাবনে সহায়তা করা। অনলাইনে নিবন্ধন করা শিক্ষার্থীদের মাঝে এসব কোরআন শরিফ বিতরণ করা হয়।
লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সজীব পবিত্র কোরআন গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে আমি বাংলা অনুবাদসহ কোরআন শরিফ নেওয়ার কথা ভাবছিলাম। প্রতিটি মুসলিমের জন্যই অনুবাদসহ বইটি পড়া অত্যন্ত জরুরি। আজ এটি পেয়ে আমি খুবই আনন্দিত।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা সোয়েব উল হাসান জানান, “আমরা প্রতি রমজান মাসেই তহবিল সংগ্রহ করি এবং এই তহবিল থেকে মুসলিম ও অমুসলিম উভয়কেই কোরআন শরিফ উপহার দিয়ে থাকি। এটি আমাদের একটি বার্ষিক আয়োজন। গত বছরও আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। এবার আমরা প্রায় দেড় লাখ টাকা তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে প্রায় ১৭০টি কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।”
শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম সমাজে জ্ঞানচর্চা ও ধর্মীয় সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকে।
রিপোর্টারের নাম 
























