বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রদলের নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে সাবেক এই দুই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনিকে পুলিশ তুলে নিয়ে যায়। একই দিন রাতে খিলগাঁও খেলার মাঠে তাকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ডিএমপির তৎকালীন কমিশনার আসাদুজ্জামান ও তৎকালীন আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি তদন্তাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 



















