বগুড়া শহরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের মাববুব নগর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নেতার নাম সাইফুল ইসলাম (৪৫)। একই ঘটনায় তারেক (৩০) নামের আরও একজন ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা সাড়ে ১০টার দিকে শহরের মাববুব নগর এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও তারেককে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৪টার দিকে সাইফুল ইসলাম মারা যান। আহত তারেক বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত সাইফুল ইসলাম শহরের খান্দার এলাকার মৃত নওশেদ আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের রুকন (সদস্য) ছিলেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন শহর জামায়াতের প্রচার সম্পাদক ইকবাল হোসেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মেহেদী হাসান টিটু ও মোস্তাকিন নামের দুজনকে গ্রেপ্তার করেছে। তারা শহরের খান্দার ভিআইপি রোড এলাকার বাসিন্দা। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















