আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। সোমবার রাজধানীর আব্দুল গণি রোডস্থ রেল ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, নাশকতা ও টিকেট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। প্রতিমন্ত্রীদ্বয় জনাব হাবিবুর রশিদ এমপি ও জনাব মো. রাজিব আহসান এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঈদযাত্রায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকেট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে, মন্ত্রী সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, আসনবিহীন টিকেটধারী কোনো যাত্রী যেন এসি কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণ করতে না পারে।
এছাড়া, টিকেটবিহীন যাত্রী সনাক্তকরণ, টিকেট কালোবাজারী প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্লাটফর্মে টিকেটবিহীন কোনো যাত্রী প্রবেশ করতে না পারে, সে ব্যাপারেও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের সুবিধার জন্য প্লাটফর্মে নিরাপদ স্থানে বসার নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তও এ সভায় গৃহীত হয়।
রিপোর্টারের নাম 





















