রংপুর নগরীতে কেবল অপারেটরকে মারধর এবং পরিবারসহ গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রংপুর জেলা যুবদলের দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদল রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। এই ঘটনার জেরে রংপুর মহানগরীসহ পুরো জেলায় কেবল (ডিশ) সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা পরে ভোর থেকে পুনরায় চালু হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু এবং সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে তাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।
কেবল অপারেটর কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় ‘কেবল ওয়ান’ নামের একটি কেবল অপারেটরের ডিশ লাইন কেটে দেওয়ায় ওই এলাকার টেলিভিশন সম্প্রচার বন্ধ হয়ে যায়। এই ক্যাবল লাইনটি যুবদল নেতা গালিবকে দেওয়ার জন্য ‘কেবল ওয়ান’ কর্তৃপক্ষকে বেশ কিছুদিন ধরে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় রোববার দুপুর ২টার দিকে যুবদল নেতা মনু ও গালিবের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক ‘কেবল ওয়ান’ কার্যালয়ে হামলা চালায় এবং ব্যাপক তাণ্ডব সৃষ্টি করে।
হামলা চলাকালে গালিবের নামে ‘ফিডার’ না দেওয়ায় ‘কেবল ওয়ান’-এর জিএম কাফির বাসায় গিয়ে তাকে পরিবারসহ গুলি করে হত্যার হুমকি দেন যুবদল নেতা মনু। এ সময় কার্যালয়ের এক কর্মকর্তাকে মারধর করা হয় এবং ল্যাপটপসহ অন্যান্য মালামাল ভাঙচুর করা হয়। এই ঘটনার পর ‘কেবল ওয়ান’ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আত্মরক্ষায় পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।
এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ‘কেবল ওয়ান’ কর্তৃপক্ষ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে। ঘটনার পর থেকে রংপুর মহানগরীসহ পুরো জেলায় ডিশের মাধ্যমে টেলিভিশন প্রদর্শন পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে সব বেসরকারি টেলিভিশন সম্প্রচার ব্যাহত হয়। তবে দুই নেতাকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে ভোর থেকে আবারও ডিশ লাইন সম্প্রচার শুরু হয়।
এদিকে, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রংপুরসহ সারাদেশে ব্যাপক সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী জানিয়েছেন, ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























