ভারতের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করতে কানাডার সঙ্গে একটি দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এই চুক্তি আগামী ১০ বছর ধরে ভারতকে ইউরেনিয়াম সরবরাহ নিশ্চিত করবে, যার আনুমানিক মূল্য ৩০০ কোটি মার্কিন ডলার।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ কানাডা। সর্বশেষ এই চুক্তির আওতায়, কানাডার অন্যতম বৃহৎ ইউরেনিয়াম জ্বালানি প্রস্তুতকারক সংস্থা ‘ক্যামেকো’ ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করবে। উল্লেখ্য, ২০১৩ সাল থেকেই কানাডা ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করে আসছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কমানোর জন্য আন্তর্জাতিক চাপ, বিশেষত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ইঙ্গিত, ভারতকে এখন ইউরেনিয়াম, তেল, গ্যাস ও কয়লার মতো জ্বালানির বিকল্প উৎস খুঁজতে বাধ্য করছে। এই প্রেক্ষাপটে কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
ইউরেনিয়াম ছাড়াও এই সফরে তেল ও গ্যাস আমদানির জন্য ভারতের সঙ্গে কানাডার বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। জ্বালানি ক্ষেত্র ছাড়াও প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন, চলতি বছরের মধ্যেই ভারত-কানাডা অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের দিকে এগোচ্ছে দুই দেশ। গত প্রায় ১৫ বছর ধরে উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানাডার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, কারিগরি ও উদ্ভাবনের ক্ষেত্রে দুটি দেশ স্বাভাবিক সহযোগী।
রিপোর্টারের নাম 




















