জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-তে ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দীর্ঘ প্রতীক্ষার পর তাদের চাকরিতে যোগদানকে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি ‘অনাকাঙ্ক্ষিত অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব ও অবিচারের পুনরাবৃত্তি হবে না বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী নবনিযুক্ত কর্মকর্তাদের দীর্ঘ পথচলা ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ায় অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, এই বিলম্বিত যোগদান দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি অবাঞ্ছিত দৃষ্টান্ত স্থাপন করেছে।
নবনিযুক্ত শিক্ষকদের দেশের ভবিষ্যৎ নির্মাতা আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “যাদেরকে আপনারা শিক্ষা দেবেন, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।” এ কারণে দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব প্রদর্শনের ওপর তিনি জোর দেন।
ড. মিলন আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ এবং শিক্ষকসমাজ একটি অভিন্ন পরিবারের সদস্য। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।
শিক্ষামন্ত্রী ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ ও দ্রুত পদোন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে, শিক্ষা খাতকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করে এ লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























