ইরানে হামলার নির্দেশ দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রভাবশালী সিনেটর বার্নি স্যান্ডার্স। ট্রাম্পের সাম্প্রতিক ও অতীত বক্তব্যের মধ্যকার বৈপরীত্য তুলে ধরে এই সামরিক পদক্ষেপের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স ট্রাম্পের যুক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করেন। তিনি লিখেন, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করতে তিনি এই হামলার নির্দেশ দিয়েছেন। কিন্তু স্যান্ডার্স বিষয়টিকে হাস্যকর হিসেবে বর্ণনা করে মনে করিয়ে দেন যে, গত জুনেই ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
সিনেটর স্যান্ডার্স তার পোস্টে ট্রাম্প প্রশাসনের এই স্ববিরোধী অবস্থানকে কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি বর্তমান পরিস্থিতিকে অতীতের ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের সাথে তুলনা করে বলেন, এটি মূলত ‘আরেকটি মিথ্যা এবং আরেকটি যুদ্ধের’ নামান্তর।
বিশ্লেষকদের মতে, স্যান্ডার্সের এই মন্তব্য ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিল। ভুল তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রকে আবারও একটি দীর্ঘমেয়াদী এবং অপ্রয়োজনীয় সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না, স্যান্ডার্সের বক্তব্যে সেই আশঙ্কাই ফুটে উঠেছে।
রিপোর্টারের নাম 




















