মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের এবং মিত্রদের স্বার্থ রক্ষায় কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। প্রয়োজনে ইরানের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করারও হুঁশিয়ারি জারি করেছে এই তিন ইউরোপীয় শক্তিধর দেশ।
এক যৌথ বিবৃতিতে, ইউরোপের এই প্রভাবশালী দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধরণ ও লক্ষ্যবস্তু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন, ইরান যেভাবে নির্বিচারে এবং অপেশাদারিত্বের সাথে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে তারা স্তম্ভিত। বিশেষ করে, যে সকল দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক সামরিক অভিযানে সরাসরি যুক্ত ছিল না, তাদের ওপর তেহরানের এই হামলা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
বিবৃতিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে, তারা তাদের এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ। প্রয়োজনে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতাকে তাদের উৎস্যস্থলে নির্মূল করতে সমানুপাতিক এবং কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দেশগুলোর এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল এবং বহুমুখী করে তুলতে পারে। এই সম্মিলিত প্রতিক্রিয়া অঞ্চলটির ভূ-রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
—
রিপোর্টারের নাম 



















