চলতি মার্চ মাসে দেশজুড়ে তীব্র কালবৈশাখী ঝড় ও তাপপ্রবাহের দাপট দেখা যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর শঙ্কা রয়েছে। গত রোববার (১ মার্চ) আবহাওয়া অধিদপ্তর তাদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
এই মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে, এক থেকে দুদিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
তবে স্বস্তির খবর হলো, মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দেশের প্রধান নদ-নদীগুলোতেও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
কৃষি আবহাওয়ার ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, মার্চ মাসে দৈনিক গড় বাষ্পীভবন বৃদ্ধি পেতে পারে। এর ফলে ফসলের জন্য অতিরিক্ত সেচের প্রয়োজন হবে। তাই কৃষকদের এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























