চট্টগ্রামের মিরসরাই কলেজে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ও তালা দেওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (১ মার্চ) দুপুর ২টার দিকে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ফেল করা ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে কলেজের শিক্ষক-কর্মচারী ও নামাজ পড়তে আসা মুসল্লিরা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তালা খুলে দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক তদবিরে অনেক অকৃতকার্য শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হয়েছে, অথচ প্রকৃত মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বিশৃঙ্খলা সৃষ্টিকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পড়াশোনায় অনীহার অভিযোগ এনেছে।
মিরসরাই কলেজ সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় মোট ৩৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলিয়ে মাত্র ২৮ জন সব বিষয়ে উত্তীর্ণ হয়। প্রথম, দ্বিতীয় ও বিশেষ বিবেচনায় ৪০, ৩৮ ও ৭৩ জন শিক্ষার্থীকে পাস করানো হয়েছে, যা মোট ১৫১ জন। বাকি শিক্ষার্থীরা ফেল করায় রোববার দুপুরে কলেজে এসে ফলাফল দেখতে চাইলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
আন্দোলনরত শিক্ষার্থী জাহেদুল ইসলাম অভিযোগ করেন, “আমরা ফলাফল দেখতে চাইলে শিক্ষকরা আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং একজন শিক্ষার্থীকে মারধরও করেন। অনেক শিক্ষার্থী ৬-৭ বিষয়ে ফেল করলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের তদবিরে তাদের পাস করিয়ে দেওয়া হয়েছে। এ কারণেই আমরা কলেজের গেটে তালা দিয়েছি।”
নুসরাত জাহান প্রেমা নামের আরেক ছাত্রী জানান, “আমরা অনেকে ২-৩ বিষয়ে ফেল করেছি, অথচ আমাদের ফলাফল দেখতে দেওয়া হচ্ছে না। শিক্ষকদের এই অন্যায় মেনে নেওয়া যায় না। আমাদের দাবি, যারা এই আন্দোলনে অংশ নিয়েছে, তাদের সবাইকে পাস করিয়ে দিতে হবে।”
তবে মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, “কিছু ছাত্র নামধারী, যারা নিয়মিত পড়াশোনা করে না এবং বাইরে আড্ডা দেয়, তারাই কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। গত কয়েক বছর ধরে এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় এবার গভর্নিং বডির মিটিংয়ে এবং শিক্ষকদের সম্মিলিত সিদ্ধান্তে ভালো ফলাফলের ওপর জোর দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এবার দুটি বিষয়ে ৩০ নম্বর পেলে পাস, ইংরেজিতে ৩০ এবং আইসিটিতে ১৪ নম্বর পেলে পাস হিসেবে বিবেচিত হয়েছে। অধ্যক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন এবং আইনি সহায়তা চেয়েছেন।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার শরীফ উদ্দিন জানান, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফটকে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং কলেজের তালা খুলে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রিপোর্টারের নাম 























