বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর সহধর্মিণী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশীদের (৮৩) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (আজ) বাদ আসর মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন হুরন নাহার রশীদ। সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার আছর নামাজের পর বিকেল ৫টার দিকে মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন খ্যাতিমান সম্পাদক মাহমুদুর রহমান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজউদদীন। জানাজা শেষে মুন্নু মেডিক্যাল কলেজের পাশে তার স্বামী হারুনার রশীদ খান মুন্নুর কবরের পাশেই তাকে দাফন করা হয়।
মরহুমা হুরন নাহার রশীদ এক সময়ে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতি রেখে গেছেন। তার বড় মেয়ে আফরোজা খানম রিতা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে রয়েছেন। তার ছোট মেয়ে ফিরোজা মাহমুদ একজন সুপরিচিত সংবাদমাধ্যম ব্যক্তিত্ব।
পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিভিন্ন মহল থেকে হুরন নাহার রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























