ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ও সংঘাতময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আকাশপথ বন্ধ থাকায় আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকার ফলে প্রবাসী কর্মীদের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। যেসব কর্মী বর্তমানে আটকে পড়েছেন বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই যেন তারা সংশ্লিষ্ট দেশগুলোতে প্রবেশের অনুমতি পান, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও এ বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। এছাড়া দেশের বিমানবন্দরগুলোতে আটকে পড়া কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, কূটনীতিক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার বিষয়েও সরকার সজাগ রয়েছে। তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা ও জনবলের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার জন্য শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিবের উপস্থিতিতে এই বৈঠকে তেহরান মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সরকার স্পষ্ট করেছে যে, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা অপরিহার্য। সংঘাত কোনো স্থায়ী সমাধান বয়ে আনে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমেই যেকোনো বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব। বর্তমান উত্তেজনা নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে নিজেদের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
রিপোর্টারের নাম 




















