বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশন (বেলিয়া)-এর ২০২৩-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শফিউল আলম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াদুল হক। শনিবার কাওরান বাজার বিটিএমসি ভবনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির পরিচিতি প্রদান, সদস্যদের মতবিনিময় এবং একটি ইফতার মাহফিলের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদের জন্য একটি পূর্ণাঙ্গ প্যানেল বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করে। অন্য কোনো প্যানেল বা স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা না পড়ায়, নির্বাচন বোর্ড সংশ্লিষ্ট সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অচিন্ত কুমার বিশ্বাস এবং সহ-সভাপতি পদে অসীম সরকার নির্বাচিত হয়েছেন। এছাড়া, এস.এম. মনির উজ্জামান মনির অর্থ সম্পাদক, মো. খালিদ হোসেন তরফদার যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে সাতজন সদস্য হলেন মোহাম্মদ জাকিরুল হক, মো. নেয়ামুল হক, মো. লৎফর রহমান, ফারুক হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, আহম্মদ আলী এবং আরেফ আহমেদ।
নবনির্বাচিত সভাপতি শফিউল আলম উজ্জ্বল তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ। আমরা সদস্যদের স্বার্থ সংরক্ষণসহ লিফট শিল্পখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো।”
সভাপতির বক্তব্যে শফিউল আলম উজ্জ্বল লিফট আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাসের জন্য সরকারের কাছে আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, লিফটের খরচ কমলে দেশের অবকাঠামো খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। আসন্ন বাজেটে এই শিল্পখাতের বিকাশে সরকারের সহায়তা প্রত্যাশা করেন তিনি।
—
রিপোর্টারের নাম 




















