দেশের সিটি করপোরেশন নির্বাচনগুলো আগামী পবিত্র রমজান মাসের পরপরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমানেল মাছউদ। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশন আশা করছে রমজান শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে। তবে এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী বিভিন্ন উপনির্বাচনগুলো যথাসময়ে সম্পন্ন করা হবে। তিনি আরও উল্লেখ করেন, আসন্ন স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন নিয়ে কমিশনকে আগামী পুরো বছর এমনকি তার পরবর্তী সময়েও ব্যস্ত থাকতে হবে।
নির্বাচনী আইনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে এই কমিশনার বলেন, বিদ্যমান আইনের আলোকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কমিশন দায়বদ্ধ। তবে আইন প্রণয়ন বা পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণ সংসদের এখতিয়ার। সংসদ যে ধরনের নির্বাচনী আইন পাস করবে, কমিশন সেই কাঠামোর মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালাবে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কমিশন বর্তমানে সংসদীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছে।
সম্প্রতি সম্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ইসি মাছউদ বলেন, নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে আয়োজনে কোনো ধরনের বিচ্যুতি বা ঘাটতি ছিল কি না, তা কমিশন গভীরভাবে খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাদারত্বের প্রশংসা করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। তিনি গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















