মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যের ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব ফ্লাইট উড্ডয়ন করার কথা ছিল। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে নিরাপত্তা বিবেচনায় এয়ারলাইন্সগুলো তাদের নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে হাজারো প্রবাসী ও ভ্রমণপ্রত্যাশী যাত্রী বিমানবন্দরে এসে চরম ভোগান্তির শিকার হয়েছেন। অনেকেই গন্তব্যে পৌঁছানো নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তবে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা ও নতুন সময়সূচি ঘোষণা করেছে কিছু এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, গতকালের বাতিল হওয়া মদিনাগামী ফ্লাইটটি (বিজি ৩ ৩৭) আজ বিকেল ৪টায় এবং জেদ্দাগামী ফ্লাইটটি (বিজি ৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় ঢাকা ত্যাগ করবে। সংশ্লিষ্ট যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।
এদিকে, বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে দুবাই, আবুধাবি, শারজাহ এবং দোহার ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আকাশসীমা পুনরায় উন্মুক্ত হওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলো যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশপথে এই অস্থিরতা বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























