সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মু. মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাজলিসুর মোফাসসীরিনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ এবং জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ ও বিশিষ্ট সমাজসেবক দেওয়ান গনিউল সালাদীন উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের আলোচনায় পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। সমাজের সর্বস্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই মাহে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন সম্ভব। বক্তারা রমজানের এই সুমহান আদর্শকে ব্যক্তিগত ও সমাজজীবনে ধারণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 

























