ঠাকুরগাঁওবাসীর জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়েও সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
রোববার (১ মার্চ) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। হাসপাতালের বর্তমান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ককে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, চিকিৎসার মানোন্নয়ন এবং সরঞ্জামের ঘাটতি পূরণে যা যা প্রয়োজন, তার চাহিদাপত্র দ্রুত পাঠাতে হবে। চাহিদাপত্র পেলে সরকার তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে। এছাড়া স্থানীয় জেলা প্রশাসক হাসপাতালে একটি লিফট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
একই কর্মস্থলে চিকিৎসকদের তিন বছরের বেশি অবস্থান সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র অল্প কিছুদিন হয়েছে। আমরা সব বিষয়গুলো খতিয়ে দেখছি। পর্যায়ক্রমে সবকিছু নিয়মের মধ্যে নিয়ে আসা হবে।’ এ সময় তিনি সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে ঠাকুরগাঁও ও দিনাজপুরে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিভিল সার্জনকে বিশেষ নির্দেশনা দেন।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীর সাথে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. আনিসুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফিরোজ জাম্মান এবং উপপরিচালক ডা. জয়ন্ত কুমার সাহাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























