জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে অবলা প্রাণীর ওপর নৃশংসতা চালানোর এক অভিনব অভিযোগ উঠেছে সুনামগঞ্জে। নিজের পালিত দুটি মোরগের পা ভেঙে দেওয়ার ঘটনায় ছোট ভাইয়ের বিচার চেয়ে থানায় হাজির হয়েছেন বড় ভাই। রোববার (৩ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় এই লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা খাসপাড়া গ্রামে। ভুক্তভোগী আঙ্গুর মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
আঙ্গুর মিয়া জানান, পৈতৃক জমিজমা নিয়ে তার সঙ্গে ছোট ভাই আব্দুর রজ্জাকের দীর্ঘদিনের বিরোধ চলছে। এই বিরোধের জেরে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে হয়রানি করা হয়েছে। সর্বশেষ গত রোববার তুচ্ছ ঘটনার জেরে রজ্জাক ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে আঙ্গুর মিয়ার দুটি পালিত মোরগের পা ভেঙে দেন। ভুক্তভোগীর দাবি, এর আগেও তুচ্ছ কারণে তার ১৮টি মুরগির বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলেছে প্রতিপক্ষ। বারবার এমন ঘটনায় অতিষ্ঠ হয়ে এবং ন্যায়বিচারের আশায় তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, আহত দুটি মোরগ নিয়ে এক ব্যক্তি থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে এবং প্রাণি নৃশংসতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 





















