চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তলোয়ার, ছুরি ও চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে শোলকাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে পালিয়ে যাওয়া আরও ১০ থেকে ১৫ জনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























