যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান খামেনির মৃত্যুকে ‘শাহাদাত’ হিসেবে অভিহিত করে বলেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাত বরণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমি ইরানি জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন।”
মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত আমির উল্লেখ করেন, এই অঞ্চলের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, বিদ্যমান পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে ধাবিত হয়, তবে তা শুধু একটি নির্দিষ্ট দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করছে, যা বিশ্বশান্তিকে আরও বিপন্ন করে তুলছে।
সংঘাত এড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংঘাতের সঙ্গে জড়িত সকল পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই। বর্তমানে কূটনৈতিক সমাধানের পথে হাঁটা এবং আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
বিবৃতির শেষে তিনি বিশ্বশান্তি রক্ষায় এবং চলমান সংকট নিরসনে জাতিসংঘসহ বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের জোরালো আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























