আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার বেলা তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, চুয়াডাঙ্গার জীবননগরে দলীয় কর্মী হাফিজুর রহমান নিহতের প্রতিবাদে রাজধানীর মহাখালীতে পূর্বনির্ধারিত একটি বিক্ষোভ মিছিল অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পূর্বঘোষিত কর্মসূচিটি বর্তমানে আয়াতুল্লাহ খামেনী হত্যার প্রতিবাদী সমাবেশের সঙ্গে একীভূত করা হয়েছে। বায়তুল মোকাররমের এই সমাবেশ থেকেই ইরানের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি দলীয় কর্মী হত্যার বিচার দাবি করা হবে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























