ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের দুর্যোগ মোকাবিলায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, সকালে সচিবালয়ে আসার পর প্রধানমন্ত্রী প্রথমেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিদের সার্বিক অবস্থা ও নিরাপত্তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন ফ্লাইট বাতিল হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তদারকি করছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী সার্বক্ষণিকভাবে বিমানবন্দর এলাকায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আটকে পড়া যাত্রীদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, একই দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের ভূমিকম্প ঝুঁকি ও পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ভূমিকম্প পরবর্তী জরুরি উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতি সামাল দিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন। বৈঠক শেষে ত্রাণ মন্ত্রী জানান, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় ঢাকা শহরে দ্রুততম সময়ের মধ্যে এক লাখ দক্ষ স্বেচ্ছাসেবক তৈরির বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসার পর থেকে প্রধানমন্ত্রী দিনভর রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। মূলত প্রবাসীদের নিরাপত্তা এবং দেশের অভ্যন্তরীণ দুর্যোগ প্রস্তুতির বিষয়গুলোই এদিনের কার্যসূচিতে বিশেষ গুরুত্ব পায়।
রিপোর্টারের নাম 






















